সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান গভীর শোক প্রকাশ করেছেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, খালেদা জিয়ার নেতৃত্ব এবং ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তিনি তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন এবং পাকিস্তান সরকার ও জনগণ শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে আছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার এবং বাংলাদেশের সব মানুষের প্রতি আমাদের সমবেদনা। বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান সব সময় স্মরণীয় থাকবে।” মোদি ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তাঁর উষ্ণ সাক্ষাতের কথাও স্মরণ করেছেন।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশ সরকার ও খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং উল্লেখ করেছেন, খালেদা জিয়া চীনের একজন পুরোনো বন্ধু ছিলেন। তাঁর প্রধানমন্ত্রীকালীন নেতৃত্ব চীন-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
যুক্তরাষ্ট্রও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, খালেদা জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং দেশের উন্নয়নে তাঁর নেতৃত্ব বিশেষ প্রভাব ফেলেছে।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
